গতকাল সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিথ্যা সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকবেন। যেকোনো ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে আপনারা সংবাদ প্রচার করবেন ও সত্য ঘটনা তুলে ধরবেন।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে তিনি ডিবি ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ডিবি ও সিটিটিসির বর্তমান কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তাদের কার্যক্রম আরো গতিশীল করার পরামর্শ দেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি কম্পাউন্ডে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, কে-৯ টিমসহ অন্যান্য টিমের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিবি ও সিটিটিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


