টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বর্তমান সময়ের নন্দিত ইসলামি বক্তা এবং সাহসী কণ্ঠস্বর আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার (১৬ নভেম্বর) রাতে মাহফিল থেকে ফেরার পথে তার গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বুকে, চোখে, এবং পিঠে গুরুতর আঘাত পান। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে তাকে পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, “আল্লাহর অসীম রহমতে তার জ্ঞান ফিরেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা চলছে। চোখের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। আমাদের প্রিয় দাঈর আশু আরোগ্যের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করা হচ্ছে।”
এই ঘটনায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সুস্থতার জন্য সারা দেশ থেকে দোয়া করা হচ্ছে।
উল্লেখ্য, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ একজন নন্দিত আলেম, গবেষক এবং খতিব। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ায় তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.ফিল ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি গবেষণারত।


