সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার (২৬ মে) ফোরামের পক্ষ থেকে এ ডাক দেয়া হয়। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। ছবি: সময় সংবাদ
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়।
এদিকে সচিবালয়ে আজ সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আশপাশের এলাকায় সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার বেলা ১১টার দিকে নিজ নিজ দফতর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তারা স্লোগান দেন। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয়সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা
এদিন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার (২৮ মে) কর্মবিরতি পালন করা হবে।
বিক্ষোভকারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণও দাবি করেন বিক্ষোভকারীরা।
গত বৃহস্পতিবার (২২ মে) বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। যা গত রোববার সন্ধ্যায় গেজেট আকারে প্রকাশ করা হয়।


