শীতার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের শীতার্ত ও দুস্থ মানুষদের সহায়তায় বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে দেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশের আট বিভাগের সব জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শীতের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের ১৪টি জেলায় এরই মধ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বলগুলো সুষ্ঠুভাবে বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অধিক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ দিয়ে দ্রুত কম্বল ক্রয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিক বিধি-বিধান মেনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বরাদ্দকৃত অর্থ এবং কম্বল বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তদারকির পাশাপাশি স্থানীয় প্রশাসনকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া, ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম নিয়মিত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়কে অবহিত করছে। শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগের মাধ্যমে দেশের শীতার্ত মানুষদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।


