রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ২৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, সেবা কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা হয়। ব্যাংকের লক্ষ্য, কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়া সভায় যোগ দেন ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধিরা। ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপকসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরাও বৈঠকে অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, রূপালী ব্যাংক দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি ব্যবসায়িক নীতি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকের আস্থা অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। সভার শেষে ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নীতি-নির্ধারণী দিক নির্দেশনা প্রদান করা হয়।


