‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-৫ আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান।
ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীর পক্ষে আয়োজিত এ সমাবেশে তারেক রহমান বলেন, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে সঠিক প্রার্থী নির্বাচন করেছে বিএনপি। তিনি বলেন, যাত্রাবাড়ী ঐতিহাসিকভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এবং এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে।
তারেক রহমান বলেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে মানুষ আজ মুক্তভাবে কথা বলতে পারছে। তবে দেশ পরিচালনা সহজ কোনো বিষয় নয়। সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া একটি রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেন, বিএনপিই একমাত্র দল যাদের রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে ঢাকা-৫ আসনকে আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, শীতলক্ষ্যা নদীর তীরে ইপিজেড স্থাপন, সরকারি মেডিকেল কলেজ নির্মাণ, মানসম্মত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা, গবেষণা ইনস্টিটিউট স্থাপন এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি বিদেশে যেতে আগ্রহী যুবকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হবে।
এলাকার গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিল্পকারখানা ও আবাসিক এলাকায় গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা হবে। কৃষকদের সহায়তায় কৃষিঋণ সহজীকরণ এবং প্রান্তিক কৃষকদের ঋণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলে থাকা খাল খননের উদ্যোগ নেওয়া হবে এবং ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে।
জনসভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীসহ দলটির স্থানীয় নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ঢাকা-৫ আসনের উন্নয়নে বিএনপিই বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে।


