ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং সাভার গলফ ক্লাবের আয়োজনে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪।’ তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার গলফ কোর্সে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানাতে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে সাভার গলফ ক্লাবের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মো. মামুনুর রশিদ খান, ক্লাবের সিইও মেজর মো. মশিউর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির স্পোর্টস অ্যাডভাইজর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৮ ডিসেম্বর সকালে এবং একই দিন বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতা ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এগুলো হলো পুরুষদের ১৮ হোল, ৯ হোল, সিনিয়র (৬০-৬৯ বছর), ভেটেরান (৭০ বছর ঊর্ধ্ব), লেডিস এবং জুনিয়র (১৫ বছর বা তার কম)।
এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ গলফার অংশ নেবেন। ছয় ক্যাটাগরিতে মোট ১৮টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১৮ হোলে ছয়টি, ৯ হোলে চারটি, সিনিয়র ও ভেটেরানদের জন্য দুটি করে এবং লেডিস ও জুনিয়রদের জন্যও দুটি করে পুরস্কার থাকবে। এছাড়া, দুটি বিশেষ পুরস্কার থাকবে—‘নিয়ারেস্ট টু পিন’ ও ‘লংগেস্ট ড্রাইভ’।
ওয়ালটনের স্পোর্টস অ্যাডভাইজর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, “সাভার গলফ ক্লাবের সঙ্গে ওয়ালটন পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। আগের আটটি আসরের মতো এবারও আমরা এই টুর্নামেন্টের সঙ্গে আছি। নতুন এবং মহিলা গলফার তৈরি করার লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করছি।”
এবারের আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন গলফারদের নিয়ে উৎসাহ সৃষ্টি করা এবং গলফ খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্য রয়েছে।


