আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এবারের মেলায় সাতটি দেশের ৩৬২টি স্টল এবং প্যাভিলিয়ন অংশগ্রহণ করছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য মেলায় অংশ নিচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল, ভুলতা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণে আসা-যাওয়ার জন্য ৩০০টি বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে থাকবে দেশীয় ও আন্তর্জাতিক মানের হস্তশিল্প, ইলেকট্রনিক পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং পোশাক। উদ্যোক্তারা বলছেন, এ বছর পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেলার আয়োজন নিয়ে ব্যস্ততা চলছে পুরোদমে। স্টল নির্মাণে নিয়োজিত কারিগররা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে এবং মেলা শুরুর আগেই স্টল মালিকদের বুঝিয়ে দেওয়া সম্ভব হবে।
কর্তৃপক্ষ আশাবাদী, গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়বে। দর্শনার্থীদের জন্য পার্কিং এবং অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হয়েছে। এ মেলা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। বাণিজ্যমেলার মাধ্যমে দেশের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক উন্নত করার জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে কাজ করবে।


