টানা বৃষ্টি ও উজানের পানির ঢলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১২ জেলা । বন্যাদুর্গত এসব জেলার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বয়োবৃদ্ধ রয়েছেন।
শুক্রবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।
এদিকে বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী তিনি বন্যাকবলিত ফেনী ও তার আশপাশ এলাকা ঘুরে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন এবং বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিস এর ৯টি টিম বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী প্রদানের কাজ করছে।


