ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৪০তম কনভেনশন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের হলিডে ইন রিসোর্টে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ৪০তম ফোবানা কনভেনশনের বিস্তারিত কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কনভেনশনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে ফোবানার চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করা হবে। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।
এবারের কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে- ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নমূলক আয়োজনবাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রদর্শনী।
আয়োজকরা বলেন, এই কনভেনশন শুধু একটি উদযাপন নয়, বরং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি শক্তিশালী মঞ্চ।
সংবাদ সম্মেলনে বলা হয় আয়োজনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবেন। পেশাজীবী ও ব্যবসায়ীরা বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারবেন। শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো বাংলাদেশের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে পারবেন। তরুণ সমাজ নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবে। এই কনভেনশনের মাধ্যমে বাংলাদেশকে একটি সংস্কৃতিতে সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও সম্ভাবনাময় বৈশ্বিক অংশীদার রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হবে।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, এই আন্তর্জাতিক আয়োজনের বার্তা দেশ-বিদেশে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সহযোগিতায় বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক সংগঠন, তরুণ সমাজ ও কমিউনিটির নেতারা এই কনভেনশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।


