ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে এক দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক বৈঠক করবেন বিক্রম।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন আঙ্গিকে এগিয়ে নেবে।
ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। সফরসূচি অনুযায়ী, তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আগে একান্ত বৈঠক করবেন। আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, অভিন্ন নদীর পানি বণ্টন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সচিব পর্যায়ের বৈঠকের পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। তবে এখনো এই সাক্ষাৎগুলোর সময়সূচি চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এ সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, অভিন্ন স্বার্থের ইস্যু এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। তিস্তার পানি বণ্টন এবং সীমান্তে সহিংসতার মতো দীর্ঘদিন ধরে চলমান বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে।
সফর শেষে সোমবার রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। তার এই সফর দুই দেশের মধ্যে ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।


