অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকার ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আগামীতে আরও উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় করার প্রয়োজন নেই।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানান, বৈঠকে আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াতসহ সক্রিয় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।


