Tuesday, April 21, 2026
Home আইন আদালত দেশের বিভিন্ন কারাগারে বন্দি ১৫৩ ভিআইপি

দেশের বিভিন্ন কারাগারে বন্দি ১৫৩ ভিআইপি

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তীতে হত্যাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ১৫৩ জন ভিআইপি। আটক এসব ভিআইপি বন্দি কারাগারে হস্তান্তর পেছানোয় বেড়েছে নিরাপত্তাঝুঁকি।

আবার কারাগারের ভেতর সুবিধা না থাকায় অনেক ভিআইপি বন্দিকে ডিভিশনও দেয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাদের আটক রাখতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারকে সরকার বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করে। তার জন্য গঠন করা হয়েছে জেলার, সুপার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কাঠামোও। কিন্তু সবকিছু প্রস্তুত থাকার পরও পূর্বনির্ধারিত দিনে শুরু করা যায়নি ভিআইপি বন্দি হস্তান্তর প্রক্রিয়া। এমনকি ঈদের আগে এর কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা। এতে বন্দিদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে বলে মনে করছেন তাদের স্বজন ও আইনজীবীরা।

অর্থ আত্মসাৎ, পাচার, হত্যাসহ নানা মামলায় আসামি হয়ে দেশের কারাগারে বর্তমানে ভিআইপি বন্দি রয়েছেন মোট ১৫৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বন্দি আছেন ঢাকা বিভাগের কারাগারে। এসব বন্দির মধ্যে গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনমন্ত্রী আনিসুল হকের ওপর হামলা হয়। তার আগেও বেশ কয়েক দফা পতিত সরকারের সাবেক এ মন্ত্রী জনরোষের শিকার হয়েছেন। ঢাকার সিএমএম কোর্টে রিমান্ড শুনানি শেষে গত ২০ আগস্ট কারাগারে নেয়ার পথে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছিলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানও আদালত চত্বরে হেনস্তার শিকার হয়েছেন। এসব ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে বিশেষ কারাগার স্থাপনের সিদ্ধান্ত জানায় সরকার।

কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগের কারাগারগুলোয় ১৩০ ভিআইপি বন্দি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) তানভীর সালেহ ইমন, সাবেক পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী, সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা শাহেন শাহ ও সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদসহ পুলিশের আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন এসব কারাগারে। এছাড়া ঢাকা বিভাগের কারাগারগুলোয় রয়েছেন বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু সুর চৌধুরীসহ অনেকে।

ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারাগারে ভিআইপি বন্দি রয়েছেন ৯ জন করে। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে তিনজন করে ভিআইপি বন্দি রয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগের কারাগারে ভিআইপি বন্দি রয়েছেন একজন। এসব বন্দির মধ্যে অনেকে আবার বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তও হয়েছেন। কারো কারো বিচার কার্যক্রম চলমান। তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা করে সরকার। এরই মধ্যে কারাগারটিতে জেলার ও জেল সুপারসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে। বন্দিরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ কারাগারে ভিআইপি বন্দিদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা রয়েছে। থাকছে বিশেষ খাবারের ব্যবস্থাও। কিছু ক্ষেত্রে ভিআইপি বন্দিদের ব্যক্তিগত কাজের লোকও দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া খবরের কাগজ পড়ার সুযোগ এবং সপ্তাহে একদিন ১০ টাকার বিনিময়ে মোবাইলে কথা বলার সুযোগও রয়েছে বন্দিদের জন্য। তবে সবচেয়ে বড় যে সুবিধাটি বিশেষ কারাগারে থাকছে, তা হলো উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা।

কারাবিধি অনুযায়ী বন্দিদের কারাগারে তিন ধরনের ডিভিশন দেয়া হয়। ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩। কারাবিধিতে বলা হয়েছে, সব বন্দিকে তিনটি ডিভিশনে ভাগ করতে হবে। এর মধ্যে ভালো চরিত্র সংবলিত অনভ্যাসগত বন্দি, সামাজিক মর্যাদাসম্পন্ন শিক্ষিত ও উন্নত জীবনযাপনে অভ্যস্ত বন্দি এবং নিষ্ঠুরতা, মারাত্মক অপরাধ, সম্পদের আত্মসাৎসহ কিছু সুনির্দিষ্ট কারণে দণ্ডিত নন এমন ব্যক্তিরা ডিভিশন-১-এর যোগ্য হবেন। এরাই মূলত প্রথম শ্রেণীর বন্দি বলে বিবেচিত হন। এ শ্রেণীতে যারা অন্তর্ভুক্ত হবেন তাদের মধ্যে থাকবেন সরকার কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত অবস্থানে থাকা সব সাবেক ব্যক্তি। এছাড়া জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক; বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক বীরত্বসূচক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি; স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি; বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি; প্রফেসর অব ইমিরেটাস হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরাও ডিভিশন-১-এর সুবিধা পাবেন।

মূলত আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার। সেখানে প্রথম বন্দি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে ২০২০ সালে কভিড সংক্রমণের কারণে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি।

এআইজি (প্রিজনস) জান্নাতুল ফরহাদ বণিক বার্তাকে বলেন, ‘ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দিদের মধ্যে কিছু বন্দিকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেয়া হবে। হস্তান্তর প্রক্রিয়ায় সম্ভাব্য দিন ১৫ মে থাকলেও কিছু কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, ঈদের পরপরই ভিআইপি বন্দিদের বিশেষ কারাগারে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সব ভিআইপি বন্দিকে বিশেষ কারাগারে নেয়া হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments