বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
পেশাদার পুলিশ কর্মকর্তা মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং অফিসার্স ক্লাব ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন।


