দীর্ঘ ১৯ বছর পর আজ পিতৃভূমি বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে শহরে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভাস্থল প্রস্তুত করেছে জেলা বিএনপি। তাঁর এ আগমন ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতা-কর্মীসহ বগুড়াবাসী তাঁকে বরণ করতে মুখিয়ে আছে। এ ছাড়া প্রস্তুত করা হয়েছে তাঁর পিতৃভূমি বাগবাড়ীর জিয়া বাড়িটি। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ জনসমুদ্রে রূপান্তর করতে চায় জেলা বিএনপি। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জেলাবাসী। উল্লেখ্য, বগুড়ায় পৌঁছার আগে তিনি এদিন রাজশাহী ও নওগাঁয় বিএনপির নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।
১৯ বছর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত জেলার মানুষ। তাঁর আসার খবরে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে বগুড়া। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন জানান, জনসভা ছাড়াও নির্বাচনি মাঠে প্রচারে অংশ নেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, নির্বাচনি জনসভা শেষে বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন তারেক রহমান। বগুড়ায় তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর, সাবগ্রামসহ তাঁর নির্বাচনি এলাকায় পথসভায় বক্তব্য দেবেন। এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ী পিতৃভূমিতে পা রাখবেন। তাঁর আগমন ঘিরে বাগবাড়ী প্রস্তুত। পর দিন সকালে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে রংপুরের উদ্দেশে রওনা হবেন। এ সফরে তিনি উন্নয়নবঞ্চিত বগুড়াবাসীর দাবি বাস্তবায়নে কথা বলবেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তারেক রহমানের রাতযাপনের জন্য ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ৩১০ নম্বর প্রেসিডেনশিয়াল সুইট রুম প্রস্তুত করা হয়েছে। এটি শুধু আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্যই তৈরি করা হয়েছে। নানান রঙে সাজানো হয়েছে হোটেল নাজ গার্ডেন।’
জানা যায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনেও বিএনপির প্রার্থী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম জানান, ‘তারেক রহমান আজ রাজশাহীতে একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে বগুড়ায় পৌঁছাবেন। তিনি বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। এ উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হয়েছে। নেতা-কর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে।’ এদিকে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বগুড়া আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও তাঁর সহধর্মীনি ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাইমা রহমানের রাজনৈতিক সূচনা বগুড়া থেকে হবে। বাবার মতো মেয়েও বগুড়ার রাজনীতিতে পা রাখবেন।
রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা : দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নামবেন তিনি। বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাওয়ার কথা। তবে তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারো নেতা-কর্মী। সে কারণে জনসভাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে। জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতা-কর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে নওগাঁ যাবেন তারেক রহমান। নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতা-কর্মীরা অংশ নেবেন। বগুড়ায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতা-কর্মীরা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের চেয়ারম্যান রাজশাহী আসার সিদ্ধান্তের পর থেকে এ এলাকার মানুষ উজ্জীবিত। আমরা ভীষণভাবে আনন্দিত যে, এত দিন পরে হলেও তিনি রাজশাহী আসছেন। তাঁর জন্য আমরা অনেক আশা নিয়ে প্রতীক্ষায় আছি।’
২০ বছর পর আজ নওগাঁয় আসছেন তারেক রহমান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘ ২০ বছর পর আজ বিকালে নওগাঁ শহরের এটিম মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর উত্তরের জেলা নওগাঁয় আসছেন তারেক রহমান। দলের হাল ধরার পর প্রথমবারের মতো নওগাঁয় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, তারেক রহমানের এই সফর নেতা-কর্মীদের যেমন উজ্জীবিত করবে তেমনি জোরালো হবে নির্বাচনি প্রচার। নওগাঁ জনসভায় বক্তব্য শেষে পৈতৃক ভিটা ও নির্বাচনি এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান।


