আগামী ১৫ জানুয়ারি থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইন্টার এডিশন’ এবং ‘৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫’। প্রদর্শনীটি আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আয়োজকরা জানান, বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে প্রায় ১৫টি দেশের ৩২৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে এবং ৬৫০টির বেশি বুথ স্থাপন করা হবে। একইসঙ্গে প্রদর্শনী চলাকালীন তিনটি আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দেশের টেক্সটাইল খাতকে আরও উন্নত করতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। প্রদর্শনীতে সুতা, ফেব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক পণ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিকে, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ দেশের ডেনিম শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে।
আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ নিউইয়র্কভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রতিষ্ঠান, যারা ১৯৯২ সাল থেকে চারটি মহাদেশে বিভিন্ন শিল্পখাতের বাণিজ্যিক প্রদর্শনী ও সম্মেলনের আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় টেক্সটাইল সিরিজ প্রদর্শনীর আয়োজন করে থাকে। আগামী ১৫ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীটি সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটি দেশের টেক্সটাইল ও পোশাক খাতের উন্নয়নে একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।


