পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। ‘করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে’ স্লোগানে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য ও পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।
অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।
অনলাইন জিডি করবেন যেভাবে—
- গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টাল (http://gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
- নিবন্ধন সম্পন্ন করার পর পোর্টালে লগ ইন করুন।
- ‘নতুন জিডি আবেদন’ বা এই ধরনের অপশনটিতে ক্লিক করুন।
- যে বিষয়ে জিডি করতে চান, তার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য যেমন— বিবরণ, স্থান, তারিখ ইত্যাদি পূরণ করুন। অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না।
- যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, তার বিবরণ এবং শেষ কোথায় দেখা গেছে, তার তথ্য দিন।
- ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন।
- আবেদনপত্রটি ভালোভাবে দেখে, ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।
- আপনার জিডির সবশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানতে পারবেন।
- জিডি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।


