রাজধানীর দিলকুশায় ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়েছে। কয়েকদিন ধরে ডলার বাজার পুনরায় অস্থিতিশীল করায় এনএসআই ও বিএফআইইউ’ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ওয়েলকাম মানি এক্সচেঞ্জে অভিযান চালায় এনএসআই ও বিএফআইইউ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিল ও দেশের অন্যান্য এলাকায় অবস্থিত মানি একচেঞ্জ এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের ফরেন একচেঞ্জ শাখার লোকজন এবং হুন্ডি ব্যবসায়ীরা গোপনে জোটবদ্ধ হয়ে কাজ করছে বলে অভিযোগ ওঠায় এ অভিযান চালিয়েছে এনএসআই ও বিএফআইইউ।
অভিযানের সময় মানি এক্সচেঞ্জ পরিচালনার কোনো অনুমোদন বর্তমানে নেই বলে জানান প্রতিষ্ঠানটির মালিক আবুল বাশার। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শাল ঘর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
আবুল বাশার নিজেকে জমির দালাল হিসেবে পরিচয় দেন। পরবর্তীকালে সিআইডি এবং পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান সম্পন্ন করা হয়। তিনি মুলত মানি একচেঞ্জের আড়ালে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।


