বেআইনি সমাবেশ ঝটিকা মিছিল মোকাবিলায় কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে, আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানান ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে।
তিনি আরও বলেন, গত বছর দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। গত বছরের অভিজ্ঞতাকে এ বছরও কাজে লাগাতে পারি এবং তিনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা আগে থেকেই নেয়া হয়, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।
সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখার জন্য দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ধর্ম উপদেষ্টা শিগগিরই বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলবেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য, নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখার বিষয়ে কথা হয়েছে।
পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় সে জন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
বৈঠকে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সঙ্গে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।


