বাংলাদেশের চলমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে একটি সামগ্রিক সংস্কার পরিকল্পনার খসড়া তৈরি হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে।
জুলাই সনদ হচ্ছে এমন একটি নথি, যেখানে রাজনৈতিক দলগুলো সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন পদ্ধতি, জনপ্রশাসনসহ নানা কাঠামোগত সংস্কারে যে বিষয়ে একমত হয়েছে, সেগুলোর তালিকা থাকবে। এখন পর্যন্ত ১৬৬টি সুপারিশের মধ্যে প্রায় ৮০টির বেশি বিষয়ে দলগুলোর মধ্যে সামগ্রিক ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন।
তবে এখনও গুরুত্বপূর্ণ কিছু ইস্যু—যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, এনসিসি গঠন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচনি সীমানা নির্ধারণ ইত্যাদি নিয়ে মতানৈক্য রয়েছে। এনসিপি জুলাই ঘোষণাপত্রকে আলাদা দলিল হিসেবে দেখছে, যেখানে ছাত্র-জনতার প্রত্যাশা প্রতিফলিত হবে। অন্যদিকে, জুলাই সনদ হবে সব দলের ঐকমত্যের প্রতিফলন।
বাস্তবায়নের পথ নিয়েও রয়েছে বিভাজন। কেউ বলছে, সংসদে প্রস্তাব পাস করে বাস্তবায়ন করা উচিত; আবার কেউ চাইছে গণপরিষদের মাধ্যমে। বিএনপি ও সিপিবি সংসদীয় বাস্তবায়নের পক্ষে থাকলেও এনসিপি ও কিছু দল গণভোট কিংবা গণপরিষদের পক্ষে রয়েছে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘আমরা ‘কী’ পরিবর্তন দরকার সেটা ঠিক করব, ‘কিভাবে’ বাস্তবায়ন হবে তা রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার ঠিক করবে।’’
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, জুলাই সনদ এক ঐতিহাসিক দলিল হয়ে উঠতে পারে, যদি তা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্যভাবে বাস্তবায়ন করা যায়।


