জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেছেন, “গণঅভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেসব ঘটনা ঘটছে, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
“নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ঢাকার মিটফোর্ডে নৃশংস কায়দায় ব্যবসায়ী হত্যার প্রসঙ্গে বলেন, “ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। চারজনকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।“কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।”
অতীতের পতিত সরকারের আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল- এমন মন্তব্য করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচন ঘিরে সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে নিশ্চয়তা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সংবাদ সংগ্রহকালে বিগত সময়ে সাংবাদিকরা যে ধরনের সমস্যায় পড়তেন, এবার সেই সমস্যায় আর পড়তে হবে না।”তিনি আরও বলেন, “বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে।”


