ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যাংকের শীর্ষ নেতৃত্ব। তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের অবস্থান শক্তিশালী রাখতে হলে গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ব্যাংকের মূল শক্তি—এই উপলব্ধি থেকে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার তিনটি জোন ও পাঁচটি কর্পোরেট শাখার কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, গ্রাহকদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে পারলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। তিনি বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে দিকনির্দেশনা তুলে ধরা হয়।


