এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং গত ২ আগস্ট (শনিবার) চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
এছাড়া সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।
সভায় ব্যাংকের কর্পোরেট সুশাসন, শ্রেণিকৃত ঋণ ব্যবস্থাপনা, আমানত সংগ্রহ এবং মুনাফা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া তার বক্তব্যে বলেন, “চট্টগ্রাম অঞ্চলে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আয়ের নতুন পথ তৈরি করা সম্ভব।” তিনি কর্পোরেট কমপ্লায়েন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর জোর দেন।
স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর বলেন, “টেকসই ব্যাংকিংয়ের জন্য গুণগত ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মনীতি লঙ্ঘন না করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সতর্ক থাকতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “দেশের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ চট্টগ্রাম ঘিরেই আবর্তিত হয়। তাই এলসি ব্যবসা ও অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
এই টাউন হল মিটিংকে ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন কর্মকর্তারা।


