বৃষ্টি কমে গেছে। সামনের কয়েকদিন এই অবস্থা চলতে থাকবে। দক্ষিণ-পশ্চিম বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয়। সামনের কয়েকদিন এটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে দেশব্যাপী বৃষ্টি এখনকার চেয়ে আরো কিছুটা কমে যাবে। বৃষ্টি কমে গেলে গরম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বাংলাদেশে পুরো জুলাই মাসেই সূর্য অনেকটা মাথার উপর থেকে লম্বভাবে কিরণ দিতে থাকবে। বাংলাদেশে এ সময়টা মূলত গরম আবহাওয়া বিরাজ করে থাকে। বৃষ্টি হলে গরম কমে যায়, আবার বৃষ্টি না থাকলে বেড়ে যায়। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বাংলাদেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী কমতে শুরু করেছে। এটা ধীরে ধীরে চলে যাচ্ছে উত্তর-পশ্চিম দিকে। অর্থাৎ ধীরে ধীরে ভারত ও পাকিস্তানের পাঞ্জাবের দিকে যাচ্ছে। এই প্রক্রিয়া চলবে সপ্তাহ খানেক। এরপর আবার মৌসুমী বায়ু ধীরে ধীরে ফিরে আসবে বাংলাদেশের আকাশে। এই ঘটনা প্রতি বছরই ঘটে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতর গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। তবে আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রায় সর্বত্রই এখনকার চেয়ে বৃষ্টি কমে যেতে পারে। আজ রোববার সার্বিক তাপমাত্রা গতকাল শনিবার থেকে সামান্য বাড়বে। অপর দিকে সোমবার ও মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তার মানে তাপমাত্রা এর মধ্যেই ধীরে ধীরে কিছুটা বাড়বে। কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আজ রোববার সারা দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


