বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর অংশীদারিত্বে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ডেকেয়ার সেন্টার চালু করা হয়েছে। এ সেন্টারটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিডা-তে কর্মরত মায়েদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
বুধবার (২৭ নভেম্বর) সেন্টারটির উদ্বোধন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন বিডা সেক্রেটারি ড. খন্দকার আজিজুল ইসলাম এবং ইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।
অনুষ্ঠানে বক্তারা এ উদ্যোগকে কর্মক্ষেত্রে মায়েদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ডেকেয়ার সেন্টারটি কর্মরত মা’দের শিশুদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিচর্যার সুযোগ প্রদান করবে। এর ফলে কর্মজীবী মায়েরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।
বিডা ও ইবিএল-এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের আরও অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


