হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যুদ্ধ শেষের পথে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
মারিয়া বারটিরোমোকে দেওয়া ওই সাক্ষাৎকারের একটি অংশে তিনি বলেছেন, যুদ্ধ এখন ‘প্রায় শেষের পথে’। আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে। ওই সাক্ষাৎকারে আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সাথে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়ে তিনি এই মন্তব্য করেন। পুরো সাক্ষাৎকারটি ফক্স বিজনেস-এ সম্প্রচারিত হয়েছে। খবর- আলজাজিরা
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক আমদানি-রপ্তানি ‘পুরোপুরি বন্ধ’ করে দেওয়া হয়েছে। তিনি এমন সময় এই কথা বললেন যখন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় মার্কিন-অবরোধকৃত ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে ২১ এপ্রিল শেষ হতে চলা দুই সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় কিছু দেশ, পাকিস্তান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল এ সপ্তাহের শেষের দিকে আবারও পাকিস্তানে ফিরে আসতে পারে। যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে বৈঠক হয়। ২১ ঘণ্টার সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ৪০ দিনের এ রক্তক্ষয়ী সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে এসবের মধ্যেই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।


