শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি সমন্বিতভাবে প্রতি শেয়ারে আয় (ইপিএস) করেছে ২০ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের ১৪ টাকা ১ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮৯ পয়সা।
পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও ভোটাধিকার নিশ্চিত করতে ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।


