রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নিয়ে ইফতার আয়োজন করেছে বিএনপি। শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আন্দোলনে আহতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, যারা এ দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আহত হয়েছেন, তারা যেন সঠিক চিকিৎসা পান এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার শুধু গণতন্ত্র নয়, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। যারা আপনাদের চিকিৎসা দিতে বাধা দিয়েছে, তারাই এখনো স্বাস্থ্যখাতে বহাল তবিয়তে আছে। এ বিশৃঙ্খলা দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপি নেতা আরও বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের এক দফা আন্দোলন দীর্ঘদিন ধরেই ছিল, যা শেষ পর্যন্ত চূড়ান্ত সফলতায় পৌঁছেছে। আপনাদের আত্মত্যাগের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হয়েছে।”
তিনি আহতদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের চিকিৎসা যাতে যথাযথভাবে হয়, সে বিষয়ে আমরা দলীয়ভাবে নজর রাখছি। প্রয়োজনে আমরা আপনাদের বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করব।” ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি আন্দোলনে আহতদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. হাসনাত আহসান (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. আরিফুল হক (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, রেডিওলজি), ডা. শাকিল আহমেদ (সহকারী অধ্যাপক, এনেস্থেসিয়া) ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিএনপি নেতারা জানান, তাদের দল সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আহতদের সুস্থতার জন্য দলীয় পর্যায়ে সর্বোচ্চ সহায়তা করা হবে।


