বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মাহবুব উল্লাহ, আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ২০২৪-২৬ মেয়াদের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিস্তারিত জানানো হয়।
২৯ সদস্যের অন্তর্বর্তী কমিটিতে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন অধ্যাপক আবু আহমেদ, এ কে এম ফজলুল হক, এ কে এম আতিকুর রহমান, এম এ তসলিম, এ টি এম নূরুল আমিন, অতনু রব্বানী, রাশেদ আল মাহমুদ তিতুমীর, সায়েমা হক এবং মো. নূরুল আমিন। এ ছাড়া কমিটিতে আরও আছেন মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, মো. জাকির ছায়াদউল্লাহ খান, এ এইচ এম সেলিমউল্লাহ, সৈয়দা নাজমা পারভীন, পার্থ সারথী ঘোষ ও সৈয়দ এসরারুল হকসহ অন্যান্য বিশিষ্ট অর্থনীতিবিদ।
২০২৪ সালের ১৮ মে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতি এবং মো. আইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাঁদের নেতৃত্বাধীন ২৯ সদস্যের কমিটি আগামী দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করার কথা ছিল। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অর্থনীতি সমিতির পরিচালনায় পরিবর্তনের দাবি ওঠে। সংগঠনের সদস্যদের মধ্যে এই পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়, যা শেষ পর্যন্ত অন্তর্বর্তী কমিটি গঠনের মাধ্যমে সমাধান পায়।
নতুন কমিটি গঠনের উদ্দেশ্য হলো বর্তমান পরিস্থিতির সঙ্গে সমন্বয় সাধন এবং সমিতির কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। অন্তর্বর্তী কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি স্থায়ী কমিটি গঠনে কাজ করবে। অর্থনীতি সমিতির এই পরিবর্তনকে অনেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সংগঠনটিকে কার্যকর রাখতে এ ধরনের সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


