সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ এলাকা ত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এই আল্টিমেটাম ঘোষণা করেন শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া। বসুনিয়া জানান, “আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছি। প্রধান উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে, আমরা কর্মবিরতি ও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “আগামীতে আর ঢাকায় এসে আন্দোলন নয়, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করা হবে। তবে আমরা আশা করি, এই সময়ের মধ্যেই দাবি মেনে নেওয়া হবে।” এর আগে, শুক্রবার বিকেলে শিক্ষক প্রতিনিধিদের ১০ সদস্যের একটি দল পুলিশি নিরাপত্তায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।
তারা জানান, প্রধান উপদেষ্টার সহকারী প্রতিনিধি হিসেবে কেউ উপস্থিত না থাকায় স্মারকলিপি জমা না দিয়ে তারা ফিরে আসেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগের দিকে এগিয়ে যান শিক্ষকরা। পুলিশের বাধার মুখে তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরে আলোচনার প্রস্তাবের ভিত্তিতে শিক্ষকদের প্রতিনিধি দলটি যমুনা অভিমুখে রওনা দেয়। আন্দোলনরত শিক্ষকরা জানান, দশম গ্রেড বাস্তবায়ন তাদের দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়ন না হলে শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক শিক্ষকদের স্বীকৃতি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। দাবি পূরণ না হলে তারা আন্দোলনের আরও কঠোর পথ বেছে নেবেন।শিক্ষকরা আশা প্রকাশ করেন, সরকারের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করা হবে।


