শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি উৎপাদন ও রফতানি বাড়াতে চীনা কোম্পানি ওয়েনঝু হনসেংডা ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। পাঁচ বছরের এই সমঝোতা অনুযায়ী, বছরে ৩ লাখ জোড়া জুতা রফতানির জন্য আদেশ সংগ্রহ করবে হনসেংডা। এতে গড়ে প্রতি মাসে ২৫ হাজার জোড়া জুতা রফতানি হবে বলে জানা গেছে।
চুক্তির আওতায় লিগ্যাসি ফুটওয়্যারকে কারিগরি সহায়তা, মানসম্পন্ন কাঁচামাল এবং অভিজ্ঞ টেকনিশিয়ান সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠানটি। এতে জুতার মান ও উৎপাদন সক্ষমতা দুই-ই বাড়বে বলে আশাবাদী লিগ্যাসির ব্যবস্থাপনা।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, এই চুক্তি বছরে প্রায় ৩৬ কোটি টাকার অতিরিক্ত বিক্রি নিশ্চিত করতে পারে। এর প্রভাবে কোম্পানির বার্ষিক মুনাফা ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
২০০০ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ৪৩ কোটি টাকা। সর্বশেষ হিসাববছরে শেয়ারপ্রতি নিট আয় কমে ৭ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২৩ পয়সা।
চুক্তিটি কোম্পানির রাজস্ব, রফতানি কার্যক্রম এবং আর্থিক স্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে পরিচালনা পর্ষদ।


