ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ট্র্যাসি এন জ্যাকবসন বলেন, “বাংলাদেশের চলমান উন্নয়ন, সংস্কার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র একটি সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি, এই সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য তৈরির জন্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “এটি এমন একটি উদ্যোগ, যা রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে। ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দলগুলো থেকে আমরা ঐক্যের বার্তা প্রত্যাশা করছি।” ড. ইউনূস আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হবে ‘ঐক্য’। এ পর্যন্ত প্রস্তাবিত বিষয় নিয়ে কোনো বিরোধিতা আসেনি। তবে আমরা জানি, এটি একটি কঠিন রাজনৈতিক প্রক্রিয়া।”
রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের উন্নয়ন উদ্যোগে যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।” প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় উন্নয়ন প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।


