মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম গতকাল রাতে পরিণত হয়েছিল এক বিশাল উৎসবমঞ্চে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শাকিরা-বার্না বয়ের পারফরম্যান্সের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্বকাপের ২৩তম আসরের। উদ্বোধনের কিছুক্ষণ পরই যৌথ আয়োজক মেক্সিকোর মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটিতে শুরু হয়ে পরের দিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য ত্রিমাত্রিক উদ্বোধন হবে।
উদ্বোধন অনুষ্ঠান আলাদা তিনটি শহরে হলেও ভাবনাটা এক ও অভিন্ন– আয়োজক তিন দেশের সংস্কৃতি তুলে ধরে বৈশ্বিক মেলবন্ধ তুলে ধরাই যার লক্ষ্য। মেক্সিকো সিটির উদ্বোধন অনুষ্ঠানে যেমন আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’র মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হয়। সেখানে এবারের বিশ্বকাপের অফিসিয়াল সং ‘ডাই ডাই’ (লেটস গো) পরিবেশন করেন সেই ২০১০ সাল থেকে বিশ্বকাপের মুখ হয়ে ওঠা শাকিরা। কলম্বিয়ান এই পপ সুন্দরীর সঙ্গে ছিলেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। মেক্সিকোর জনপ্রিয় রক ব্যান্ড মানার পারফরম্যান্সে শুরু হয় ছোট্ট উদ্বোধন অনুষ্ঠানের সংগীত পর্ব। এবারের বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস প্রমুখ পারফর্ম করেন।
১২ জুন বাংলাদেশ সময় মধ্যরাতে টরন্টো স্টেডিয়ামে ক্ষণগণনা দিয়ে শুরু হবে কানাডার উদ্বোধন অনুষ্ঠান। সেখানে কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। পারফর্ম করবেন সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজেড্রিম, উইলিয়াম প্রিন্স ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান র্যাপার সঞ্জয়। পরের দিন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরে ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেই সঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, আনিত্তা, লিসা, রেমা টাইলার মতো বিখ্যাত শিল্পী। এবারের উদ্বোধন অনুষ্ঠানগুলো প্রযোজনা করেন মার্কো বালিচ। অলিম্পিকসহ বেশ কয়েকটি বৈশ্বিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তিনি।


