নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস টিম, নীতিনির্ধারক ও অঙ্গপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নাবিল গ্রুপ লিডারশিপ সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে আয়োজিত এ সামিটে ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধির রূপরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। সেলস টিমের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক মার্কেটিং কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
এছাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, ডিরেক্টর মামুনুর রশিদসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য দেন । মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, গ্রাহক চাহিদার পরিবর্তন ও ব্র্যান্ড পজিশনিং নিয়ে মতামত দেন তারা।
শেষে ‘এক টিম, এক ভিশন, এক লক্ষ্য’—এ অঙ্গীকারের মাধ্যমে নাবিল গ্রুপকে দেশের শীর্ষ ব্যবসায়িক শক্তি হিসেবে আরো সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।