দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানিগুলো হচ্ছে আমরা টেকনোলজিস লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আমরা টেকনোলজিসের পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আমরা টেকনোলজিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল বেড়েছে ১০৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, আগের হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৪ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিজিআইসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সায়। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিজিআইসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৪ পয়সায়।


