চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
এই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে বিশেষায়িত কো-ব্রান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রদান করা হবে। কার্ডটি ব্যবহার করে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, ফ্রিল্যান্সিং আয়ের অর্থ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি পরিশোধসহ নানাবিধ আর্থিক কার্যক্রম সহজে সম্পন্ন করা যাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন আরও গতিশীল, নিরাপদ ও ক্যাশলেস ব্যবস্থার দিকে অগ্রসর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শহীদুল্ল্যাহ মজুমদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে চাকসু’র ভাইস প্রেসিডেন্ট মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


