Saturday, May 16, 2026
Home জাতীয় এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করাসহ আরও এক প্রস্তাব ও দুই আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। তবে বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাবটি মন্ত্রিসভায় পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এতে আরও বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে একে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশটুকু সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থায় দক্ষ জনবল নিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত শর্ত বিলুপ্ত করা হয়েছে।

বিএসইসি আইন, ১৯৯৩ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের মাধ্যমে এই বয়স সীমার বাধা দূর করা হয়েছে। এর আগে এই বয়স সীমা যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর ছিল। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালের মতো এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে মিল রেখে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাথে সঙ্গতি রেখে এখন থেকে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। ভারত, চীন ও শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলো এই দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments