আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)-এর পৃষ্ঠপোষকতায় ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর আঞ্চলিক পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় এবং রংপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, কৌতূহল ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পায়।
ঢাকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান। এছাড়া বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জালাল আহমেদ অনুষ্ঠানে যোগ দেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের মেধা বিকাশেই নয়, ভবিষ্যৎ বিজ্ঞানচর্চায় আগ্রহ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে, রংপুর পর্ব অনুষ্ঠিত হয় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে। এ আয়োজনে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) আল-ইমরান এবং রংপুর জেলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালাউদ্দিন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক প্রজন্মে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।


