পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঠানো চিঠি বিষয়ে জাতিসংঘ এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো বার্তা দেয়নি। জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানালে তখন সরকার বিষয়টি বিবেচনা করবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কেউ জাতিসংঘে যেকোনো বিষয়ে আবেদন করতে পারেন। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনো বাংলাদেশকে কিছু জানায়নি। যদি জানায়, তখন দেখব।”
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঢাকার প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটি চিঠি পাঠায়। সেখানে দলটি দাবি করে, কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। সেই সঙ্গে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
চিঠিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্বাক্ষর রয়েছে। দলটি পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ এবং মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার ওপর জোর দেয়।


