গাজীপুরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির একটি র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই আয়োজন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, “বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতির দায়ে গোটা পার্লামেন্টের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা সাধারণ নেতাকর্মীদের রেখে সংসদ সদস্যদের নিয়ে পালিয়েছেন। এটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “বিজয় অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বসে নেই। দেশের বিরুদ্ধে তারা ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ এবং আব্দুর রহিম খান কালা। এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুবদল নেতা সেলিম কাজল, রাতুল ভূঁইয়া এবং রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারি সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম, আতাউর রহমান আতিক, রহুল আমিন, কেয়া শারমিন, সাইফুল আক্তার, আব্দুস সাত্তার, হাসান লস্কর এবং নুরুল ইসলাম ফরহাদ।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের আউচপাড়া বেপারিবাড়ীতে আয়োজন করা হয় হাড়িভাঙা, টেনিস বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজন স্থানীয় শিশু-কিশোরদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করে।
সমাবেশে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


