চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন সংসদ সদস্য অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টার মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ বিতরণ শুরুর আগে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা মঞ্চে ওঠেন। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীও একসঙ্গে মঞ্চে উঠে পড়লে অতিরিক্ত ভারে মঞ্চের একটি অংশ বসে যায়। তবে কেউ নিচে পড়ে যাননি এবং কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান জানান, পুরো মঞ্চ ভেঙে পড়েনি; মূলত টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরও অর্থমন্ত্রী মঞ্চেই অবস্থান করে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যান।
এদিকে ত্রাণ বিতরণ শুরু হলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ি ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। এতে চার নারী আহত হন। আহতরা হলেন রুমি আক্তার (২৩), রাশেদা বেগম (৬০), আয়েশা আক্তার (৬০) ও আনোয়ারা বেগম (৫৫)। তারা সবাই দোহাজারী এলাকার বাসিন্দা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন। পরে শৃঙ্খলা ফিরিয়ে এনে ত্রাণ বিতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা হয়।


