ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের আকস্মিক পরিদর্শনের সময় এ ঘটনা ধরা পড়ে। পরে ঘটনাস্থলেই তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, মহাসড়কের পাশে বর্জ্য ফেলা নিষিদ্ধ থাকলেও পূর্বের নির্দেশনা অমান্য করে কয়েকজন কর্মী সেখানে ময়লা ফেলছিলেন। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক সংশ্লিষ্টদের তীব্র ভর্ৎসনা করেন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে ফরিদা খানম বলেন, মহাসড়কের পাশে কোনোভাবেই বর্জ্য ফেলা যাবে না। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বজায় রাখতে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়ককে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন চলছে। এর আওতায় দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে। পাশাপাশি রাস্তার দুই পাশ ভরাট, স্লোপ নির্মাণ এবং সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে যাতে কেউ মহাসড়কের পাশে অবৈধভাবে বর্জ্য ফেলতে না পারে, সেজন্য সুরক্ষা বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারির পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


