স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি অভিযোগ করেন, বিরোধী দল জুলাই বিপ্লবকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইলেও তা গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই সনদে স্বাক্ষর করলেও গণভোট এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাদের সম্মতি ছাড়াই এসব বিষয় সনদে যুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ধরনের পদক্ষেপকে তিনি জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন। তবে জুলাই সনদের মূল চেতনা অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কারের কথা কখনো বলেনি। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর ক্ষেত্রে বিএনপির ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও জুলাই ছিল তার চূড়ান্ত রূপ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের নেতৃত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের কাছে থেকে কাজ করছেন এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশ পরিচালনার চেষ্টা করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার আহ্বানও জানান তিনি।


