রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রোববার সকালে ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। এ সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগও উঠেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি বা ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


