বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি করেছে বিআরইবি। এর ফলে এখন থেকে গ্রাহকরা কমিউনিটি ব্যাংকের দেশব্যাপী শাখা ও উপশাখা থেকে নিরাপদ ও দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (আর্থিক মনিটরিং-উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে বিআরইবির আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হবে। গ্রাহকরা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাবেন, যা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিআরইবির সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, সচিব শারমিন মাহমুদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে করপোরেট ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, অর্থ ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের আরও আধুনিক ও সহজ ব্যাংকিং ও বিল পরিশোধ সেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।


