লোকসানি কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩০ শতাংশ মালিকানা কিনতে যাচ্ছে আকিজ রিসোর্সেস। এ জন্য শেয়ার হস্তান্তরের অনুমোদন চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে কোম্পানিটি। উদ্যোক্তা-পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার প্রতিটি ১৩ টাকা দরে বিক্রির চুক্তি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে আকিজ রিসোর্সেসের সম্ভাব্য বিনিয়োগ প্রায় ৪০ কোটি টাকা।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে আকিজ রিসোর্সেস কোম্পানিটির পরিচালনা পর্ষদের দায়িত্ব নেবে। এরপর পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালু ও ধাপে ধাপে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে মালিকানা পরিবর্তনের খবরকে কেন্দ্র করে গত ছয় মাসে ডমিনেজ স্টিলের শেয়ারের দাম প্রায় ১৮২ শতাংশ বেড়েছে, যদিও কোম্পানিটি এখনও লোকসানে রয়েছে।


