জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভা ও জাতীয় সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহতদের অবদানও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শহীদদের ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারের পাশে থাকার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত নয় দিনের কর্মসূচির সমাপনী আয়োজন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। ওই দিন আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। পরবর্তী দিনগুলোতে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক আয়োজন এবং ছাত্রসমাবেশের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজকদের আশা, এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তি, গণতন্ত্র ও আত্মত্যাগের চেতনা সম্পর্কে আরও সচেতন হবে।


