আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষাকেন্দ্রে কোনো শিক্ষার্থীর কাছে নকল বা অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে শুধু শিক্ষার্থী নয়, কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস বা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। পরীক্ষা শুরুর আগে ও চলাকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
খাতা মূল্যায়নের ক্ষেত্রেও কঠোর নজরদারির কথা জানান মন্ত্রী। তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়নের মান নিশ্চিত করতে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, পক্ষপাতমূলক মূল্যায়ন বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত আইনও আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হয়েছে।


