তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও আধুনিক করে গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাদার সাংবাদিকতার বিকাশ নিশ্চিত করতে সরকার সব অংশীজনের মতামতকে গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মালিক, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে এক প্ল্যাটফর্মে এনে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফলে গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সরকার কোনো পক্ষের মতামত চাপিয়ে দিতে চায় না; বরং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও যুগোপযোগী গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে চায়। জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ ভবিষ্যতে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও আত্মসমালোচনার চর্চা করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং ত্রুটিগুলো তুলে ধরলে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও গঠনমূলক সাংবাদিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সম্পাদক, সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নেন।


