দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব (বৈদেশিক সহায়তা অধিশাখা) ড. মো. মোকছেদ আলী এবং চীন সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর নতুন সেতু নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ এবং ব্যবসায়ীরা নদী পারাপারের জন্য ফেরিঘাটের ওপর নির্ভরশীল থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির মুখে পড়ছেন।
প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে মূল সেতুর পাশাপাশি সংযোগ সড়কও নির্মাণ করা হবে। প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন অনুদান হিসেবে দেবে চীন সরকার। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
চুক্তি অনুযায়ী, পরবর্তী ধাপে সেতুর বিস্তারিত নকশা প্রস্তুত এবং প্রকল্পের কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুরু হবে নির্মাণকাজ।


